আফ্রিকা
নাইজেরিয়ায় বন্দুকধারীরা ৫০ জনকে অপহরণ করেছে
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে বন্দুকধারীরা নারী ও শিশুসহ অন্তত ৫০ জনকে অপহরণ করেছে।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) দেশটির পুলিশ ও বাসিন্দারা বিষয়টি নিশ্চিত করেছে।
সর্বশেষ গণ অপহরণের ঘটনাটি এই অঞ্চলে চলমান নিরাপত্তাহীনতার বিষয়টিকে তুলে ধরেছে। ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো সামান্য প্রতিরোধের মধ্যে এসব কাজ করছে।
কমিউনিটি নেতা হালিরু আত্তাহিরু জানান, দুই ঘণ্টারও বেশি সময় ধরে এই অভিযান চালানো হয়। এসময় ‘বেশ কয়েকজন নারী ও ছোট শিশুকে অপহরণ করা হয়েছে।’
আত্তাহিরু বলেন, কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও পদক্ষেপ নেয়নি।
আরও পড়ুন: নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২
তাসিউ হামিদু নামে আরেক বাসিন্দা জানিয়েছেন, বন্দুকধারীরা বিনা প্রতিরোধের মধ্যে একটি বাড়িতে হামলা চালিয়ে ২০ জনকে অপহরণ করেছে।
জামফারা পুলিশের মুখপাত্র ইয়াজিদ আবুবকর ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত জানাননি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও স্থানীয়রা সন্দেহ করছে যে, গণহারে অপহরণ ও মুক্তিপণ দাবির সঙ্গে পরিচিত ডাকাত দলগুলো জড়িত। এই গোষ্ঠীগুলো, প্রায়শই বসতি স্থাপনকারী প্রাক্তন পশুপালক সম্প্রদায়ের সঙ্গে দ্বন্দ্বে জড়াচ্ছে। এর ফলে সংঘাত-প্রবণ উত্তরাঞ্চলে একটি স্থায়ী হুমকি হয়ে উঠেছে তারা।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে মুক্তিপণের জন্য অপহরণ বেড়ে গেছে। সশস্ত্র গোষ্ঠীগুলো দুর্বল নিরাপত্তার সুযোগ নিয়ে গ্রাম ও পর্যটকদের লক্ষ্যবস্তু করছে। বেশিরভাগ ভুক্তভোগীকে মোটা অঙ্কের মুক্তিপণ দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়।
চলতি বছরের শুরুর দিকে প্রতিবেশী কাদুনা রাজ্যে দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বন্দি থাকার পর ১৩০ জনেরও বেশি স্কুলশিক্ষার্থীকে মুক্তি দেওয়া হয়।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিরাপত্তাহীনতা মোকাবিলায় সামরিক বাহিনী প্রচেষ্টা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। সেনাপ্রধান ওলুফেমি ওলুয়েদে সংকট মোকাবিলায় নতুন করে অভিযানের ওপর জোর দিয়েছেন। তবে, ২০১৪ সালের কুখ্যাত চিবোক স্কুলছাত্রী অপহরণসহ অপহরণের ধারাবাহিকতা এই চ্যালেঞ্জের মাত্রাকে তুলে ধরে। চিবোক থেকে অপহৃত ২৭৬ জন মেয়ের মধ্যে প্রায় ১০০ জন এক দশক পরেও বন্দী অবস্থায় রয়েছে।
তারপর থেকে দেড় হাজারের বেশি শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলো অন্যান্য অপরাধের জন্য মুক্তিপণ ব্যবহার করে। দুর্বল নিরাপত্তার ব্যবস্থার কারণে নাইজেরিয়া সম্পদ-সমৃদ্ধ উত্তরাঞ্চলে তাদের প্রভাব বিস্তার করে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৭ জন নিহত, নিখোঁজ শতাধিক
৪৫০ দিন আগে
কায়রোয় ভবন ধসে নিহত ৮
মিসরের কায়রোতে একটি ছয়তলা আবাসিক ভবন ধসে অন্তত আটজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
দেশটির রাজধানীর আল-ওয়াইলি জেলার আব্বাসিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ৯টি অ্যাম্বুলেন্স রয়েছে এবং ক্ষতিগ্রস্থদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল-গাফফার জানিয়েছেন, ধ্বংসস্তূপ অপসারণে সহায়তা করতে এবং আরও জীবিত বা মৃতদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারীরা।
কায়রোর গভর্নর ইব্রাহিম সাবের খলিল সতর্কতার অংশ হিসেবে আশপাশের ভবনগুলো খালি করার নির্দেশ দিয়েছেন এবং ধসের কারণ অনুসন্ধানে একটি প্রকৌশল কমিটি গঠন করেছেন।
৪৫১ দিন আগে
আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬
আইভরি কোস্টে দুটি মিনিবাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় ব্রোকুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে ১০ জন নিহত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
মন্ত্রণালয়ের মতে, জরাজীর্ণ রাস্তাঘাট ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আইভরি কোস্টে বছরে এক হাজারেরও বেশি লোক মারা যায়।
গত মাসে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হন।
আরও পড়ুন: আইভরি কোস্টে বাস ও ট্যাংকারের সংঘর্ষে নিহত ১৩, আহত ৪৬
চলতি বছরের শুরুর দিকে আইভরি কোস্টের উত্তরাঞ্চলে একটি ট্যাংকার ট্রাক একটি বাসকে ধাক্কা দিলে ১৩ জন নিহত ও ৪৪ জন আহত হয়।
সড়কে শৃঙ্খলা ফেরাতে গত বছর একটি পয়েন্টভিত্তিক ড্রাইভিং লাইসেন্স চালু করেছে কর্তৃপক্ষ। এতে লাইসেন্সের মাধ্যমে প্রত্যেক চালককে মোট ১২ পয়েন্ট দেওয়া হয়েছে। তবে আইন অমান্য ও দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে পয়েন্ট কেটে নেওয়া হবে। এছাড়া অপরাধীদের জরিমানা করতে দেশের প্রধান সড়কগুলোতে ক্যামেরাও বসানো হয়েছে।
৪৫৪ দিন আগে
সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় আরও ১২ জন নিহত
মধ্য সুদানের গেজিরা রাজ্যের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
মধ্য সুদানের সহিংসতা পর্যবেক্ষণকারী স্থানীয় বেসরকারি গোষ্ঠী গেজিরা কনফারেন্স এক বিবৃতিতে বলেছে, আরএসএফ মিলিশিয়ারা গতকাল (বুধবার) ও আজ (বৃহস্পতিবার) দক্ষিণ গেজিরার আল সাফা, ওয়াদ শামা, আল-তেলেহ ও ওয়াদ হেমাইদান গ্রামের বাসীন্দাদের ওপর সহিংস অভিযান শুরু করেছে।
ওয়াদ শামায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এছাড়া ওয়াদ হেমাইদানে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
এছাড়া, পৃথক বিবৃতিতে স্থানীয় স্বেচ্ছাসেবী গোষ্ঠী নিদা আল-ওয়াসাত বলেছে, ওয়াদ হেমাইদানে আরএসএফের হামলায় আরও দুজন নিহত এবং আব্দুল-আজিজ গ্রামে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
এসব ঘটনায় আরএসএফ কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ২০
এদিকে, গেজিরা রাজ্যের ওয়াদ আল-ওবেইদ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা করেছে আবু আকলা কেইকেলের নেতৃত্বে সুদানিজ সশস্ত্র বাহিনী (এসএএফ) ও সুদান শিল্ড ফোর্সেসের একটি যৌথ বাহিনী।
২০২৩ সালের ডিসেম্বরে এসএএফ রাজ্যের রাজধানী ওয়াদ মাদানি থেকে সরে যাওয়ার পর আরএসএফ গেজিরা রাজ্যের নিয়ন্ত্রণ নেয়।
২০২৩ সালের এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সুদানে এসএএফ ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘাত শুরু হয়েছে।
আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, সুদানে চলমান যুদ্ধে ২৭ হাজার ১২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে এবং দেশে ও বিদেশে এক কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
৪৫৫ দিন আগে
১১ মাসে ৮০৩৪ সন্ত্রাসী হত্যা করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী
গত ১১ মাসে নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর হাতে সন্দেহভাজন সন্ত্রাসী ও ডাকাতসহ মোট ৮ হাজার ৩৪ জন বন্দুকধারী নিহত হয়েছে।
নাইজেরিয়ার সামরিক কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
রাজধানী আবুজায় দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এডওয়ার্ড বুবা সাংবাদিকদের বলেন, জানুয়ারি থেকে ডিসেম্বরের শুরুর দিকে দেশজুড়ে অন্তত ১১ হাজার ৬২৩ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তত ৬ হাজার ৩৭৬ জন জিম্মিকে উদ্ধার করেছে সামরিক বাহিনী।
এ সময়ে সন্দেহভাজন বন্দুকধারীদের কাছ থেকে ৮ হাজার ২১৬টি অস্ত্র ও ২ লাখ ১১ হাজার ৪৫৯টি গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
৪৫৫ দিন আগে
সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় নিহত ২০
সুদানের পশ্চিমাঞ্চলের উত্তর দারফুর রাজ্যের একটি এলাকায় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বুধবার এ তথ্য জানিয়ে দারফুর অঞ্চলের গভর্নর মিন্নি আরকো মিন্নাভি নিজের ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘আরএসএফ এল ফাশের শহরের দক্ষিণে আবু জেরিগা এলাকায় গণহত্যা চালিয়েছে।’
মঙ্গলবার এ হামলা চালানো হয় বলে জানান মিন্নাভি।
এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলোকে অপরাধ নথিভুক্ত করতে তদন্ত দল পাঠানো এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে কাজ করার আহ্বান জানান তিনি।
ওই অঞ্চলে গভীর মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করা জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানের প্রচেষ্টা জোরদার করতে ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান গভর্নর।
তবে হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে বেসরকারি সুদানিজ ডক্টরস নেটওয়ার্ক।
এই হামলার বিষয়ে আরএসএফ কোনো মন্তব্য করেনি।
গত ১০ মে থেকে এল ফাশারে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে।
আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, সুদানে চলমান যুদ্ধে ২৭ হাজার ১২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে এবং দেশে ও বিদেশে এক কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
৪৫৬ দিন আগে
নাইজেরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় ইয়োবে রাজ্যে বাস দুর্ঘটনায় অন্তত অন্তত ১২ জন নিহত হয়েছেন। অতিরিক্ত যাত্রীবোঝাই একটি মিনিবাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে বাসে আগুন ধরে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বাইমারি-গেইদাম সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নাইজেরিয়ার ট্রাফিক পুলিশের ফেডারেল রোড সেফটি কর্পসের সেক্টর কমান্ডার লিভিনাস ইলজুম।
তিনি বলেন, দুর্ঘটনার পর আগুনের তীব্রতা থাকায় মিনিবাসের চালকসহ হতাহতরা অগ্নিদগ্ধ হন।
ট্রাফিক পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ইলজুম বলেছেন, ট্রাকটি সড়ক রোধ করে দাঁড়িয়ে ছিল এবং যাত্রীবোঝাই মিনিবাসটিতে অতিরিক্ত গতি ছিল।
৪৫৬ দিন আগে
নাইজেরিয়ায় নৌকাডুবিতে ২৭ জন নিহত, নিখোঁজ শতাধিক
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার নদীতে একটি খাদ্য বাজারে যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই নারী।
নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম অদু জানিয়েছেন, শুক্রবার প্রায় ২০০ যাত্রী নিয়ে কোগি প্রদেশ থেকে পাশের নাইজারে প্রদেশে যাচ্ছিল নৌকাটি।
কোগি প্রদেশের জরুরি সেবা বিভাগের মুখপাত্র সান্দ্রা মুসা জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকারীরা নদী থেকে ২৭টি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পরও কাউকে জীবিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
তবে কেন এই নৌকাডুবি ঘটল, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি কর্তৃপক্ষ।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নৌকাটি অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাত্রা করায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে নৌকায় উপচে পড়া ভিড় একটি সাধারণ বিষয়। ভালো রাস্তার অভাবে অনেকের কাছে নৌপথের বিকল্প নেই।
৪৬১ দিন আগে
উগান্ডায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২০
উগান্ডার পূর্বাঞ্চলের ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। বুধবার ওই অঞ্চলের ছয়টি গ্রামের অন্তত ৪০টি বাড়ি চাপা পড়ে।
দুর্ঘটনার পর উদ্ধারকারীদের তৎপরতায় এ পর্যন্ত বেশ কয়েকটি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের পর পার্বত্য জেলা বুলামবুলিতে ভূমিধসের ঘটনা ঘটে। বসতবাড়ি ও কৃষিজমি মিলিয়ে প্রায় ৫০ একর জমি ধসে পড়েছে। এছাড়া আরও অন্তত ১২৫টি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
উগান্ডা রেড ক্রস সোসাইটির মুখপাত্র আইরিন কাসিতা সাংবাদিকদের বলেন, শুক্রবার আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এমবালে হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রেড ক্রস সোসাইটির বিবৃতিতে জানানো হয়েছে, ভূমিধসের ফলে ৭৫০ জন বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে ২১৬ জন অস্থায়ীভাবে পাশের একটি স্কুলে বসবাস করছেন এবং অন্যরা আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
বুলামবুলির আবাসিক জেলা কমিশনার ফাহিরা এমপালানি বলেন, উদ্ধার কাজে সহায়তায় সেনা মোতায়েন করা হয়েছে। মাটি ও পাথরের স্তূপের নিচে আরও লাশ চাপা পড়ে আছে এবং আমরা সেগুলো উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা করছি।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ওই এলাকার একজন সাংবাদিক জানিয়েছেন, উদ্ধার অভিযানে সহায়তার জন্য একটি এক্সক্যাভেটর আনা হবে, কিন্তু রাস্তাগুলো কাদায় ঢেকে যাওয়ায় এবং এখনও বৃষ্টি পড়তে থাকায় তা সম্ভব হচ্ছে না।
বুধবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুর্যোগ সতর্কতা জারি করে বলা হয়, দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে প্রধান সড়কগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
৪৬১ দিন আগে
ক্যামেরুনে নৌকাডুবিতে নিহত ২০
ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি নৌকা ডুবে অন্তত ২০ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার ওই অঞ্চলের লোগোনে এত-চারি বিভাগের দারাক দ্বীপ থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
অতিরিক্ত যাত্রী, ত্রুটিপূর্ণ চালনা ও প্রতিকূল আবহাওয়ার কারণে ক্যামেরুনে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে।
৪৬২ দিন আগে