চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের নেতা নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনায় ২২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১০টার দিকে পুলিশের পক্ষ থেকে শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়।
তিনি জানান, মামলায় ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে নাশকতার উদ্দেশ্যে ককটেল তৈরির অভিযোগ আনা হয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
তিনি আরও জানান, এ মামলায় এখন পর্যন্ত এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে পুলিশ দুজনকে এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারি গ্রামের রুবেল ইসলাম (২৩), একই এলাকার রিফাত হাসান (১৮) এবং পারচৌকা এলাকার নাজমুল কবির (৩৮)।
বোমা বিস্ফোরণে নাজমুলও আহত হন।
তিনি রাজশাহী শহরের তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে এসআরবি-৫ এর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক জানান, নাজমুলকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশি হেফাজতে থাকাকালীন তিনি চিকিৎসাধীন থাকবেন এবং সুস্থ হয়ে উঠলে তাকে আদালতে হাজির করা হবে।
অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম।
গত বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা এলাকার একটি ফসলের মাঠে ককটেল তৈরির সময় বিস্ফোরণটি ঘটে বলে অভিযোগ উঠেছে।
এতে উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক টমাস আলী (৩৫) ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আরও তিনজন আহত হন। ঘটনার পরপরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।