নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মন ওরফে হীরেন (৪৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানের যাত্রী পরেশ চন্দ্র বর্মন (৫৮) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার নওগাঁ-নজিপুর আঞ্চলিক সড়কের এনায়েতপুর গ্রামের মদিনা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নীরেন চন্দ্র বর্মন মহাদেবপুর উপজেলার মগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। আহত পরেশ চন্দ্র বর্মন একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ (সোমবার) সকালে নীরেন ভ্যান চালিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় নজিপুরের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নীরেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পরেশকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সটি দ্রুত গতিতে পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মহাদেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।