কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত রবি ও সোমবারের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এ কর্মসূচি ঘিরে জেলাজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (২৮ নভেম্বর) গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়ক ও বাজারে মানুষ ও যানবাহনের চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে কর্মসূচিকে সামনে রেখে উপার্জন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নিম্ন আয়ের মানুষ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন স্থানে মশাল মিছিলের পর সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি বসানোর পাশাপাশি চলছে নিয়মিত টহল।
জেলার সার্বিক নিরাপত্তায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ব্যাটালিয়ন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
নিরাপত্তা জোরদার করা হলেও জীবিকা, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক চলাচল নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ।
রিকশাচালক মাহফুজ রহমান বলেন, এমনিতেই আয়-রোজগার কম। এর মধ্যে আন্দোলন ও কর্মসূচির কারণে যাত্রী কমে গেলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে।
টানা তৃতীয় দিনের মতো মোবাইল আর্থিক সেবায় লেনদেন ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
বিকাশ এজেন্ট সুজন মুন্সি বলেন, লেনদেন করতে না পারায় ব্যবসা প্রায় স্থবির হয়ে পড়েছে। কিছু ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকরাও আসছেন না। টাকা বিনিয়োগ করে রেখেও কোনো লাভ হচ্ছে না। গ্রাহকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।
অন্যদিকে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনও চালু না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।
তারা বলেন, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সাধারণ মানুষ প্রথমে থানায় যায়। কিন্তু থানার কার্যক্রম বন্ধ থাকলে পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে।
গোপালগঞ্জ থেকে ঢাকা ও রাজশাহীগামী ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।
এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান অব্যাহত রয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় আনসার ব্যাটালিয়নের ১৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগার, সার্কিট হাউস, জেলা পরিষদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে তারা দায়িত্ব পালন করছেন।
আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এস এম রায়হান হেলাল জানান, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ক্ষয়ক্ষতি না ঘটে, সে লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
পরিস্থিতি অনুযায়ী যেকোনো ঘটনা মোকাবিলায় সদস্যরা প্রশিক্ষিত ও প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।
এছাড়া গোপালগঞ্জে বিজিবির ৫৫ প্লাটুন সদস্য এবং দুই হাজার ৩৫০ জনের বেশি পুলিশ সদস্যের পাশাপাশি এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
গোপালগঞ্জে অবস্থানরত ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইন্সপেক্টর মোহাম্মদ হাসান উল্লাহ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, পুলিশ, বিজিবি, আনসারসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা প্রস্তুত রয়েছেন।